গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নলডাঙ্গা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর শুয়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রী আশরাফি আক্তার বলেন, ‘আমি রামসাগর এক্সপ্রেসে রংপুর যাচ্ছিলাম। হঠাৎ নলডাঙ্গা স্টেশনে মানুষের চিৎকার শুনে ট্রেন থেকে নামি। পরে দেখি ট্রেনের নিচে এক ব্যক্তির খণ্ডিত দেহ পড়ে আছে।’
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


