গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে একের পর এক মৃত্যুর ঘটনা তদন্ত করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার এ বিষয়ে রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এসএম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটােয়ারী।
সম্প্রতি গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হন এবং ভ্যাকসিন নেওয়ার পরও তাদের মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে এবং আহতদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবী মো. শাফিনুর ইসলাম হাইকোর্টে রিট করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গাইবান্ধবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়।
শামীম হায়দার পাটােয়ারী সাংবাদিকদের বলেন, ‘গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। পরে সরকারি হাসপাতালে টিকা না পেয়ে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিতে তারা বাধ্য হন। তারপরও এ ঘটনায় ৫ জন মারা গেছেন।’
তিনি জানান, গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনা খতিয়ে দেখে ঈদের ছুটির পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সেখানে কী ঘটেছিল, কতজন মারা গেছে, কীভাবে মারা গেছে, গাফিলতি ছিল কিনা, সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


