গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই আওয়ামী লীগ নেতা পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারের ছেলে।
গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, রাত ১১টার দিকে ওই কয়েদি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
২০২৪ সালের ৮ ডিসেম্বর পুলিশ ঢাকা থেকে শামিকুল ইসলাম সরকার লিপনকে গ্রেপ্তার করেন। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। কারাগারে থাকা অবস্থায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন।


