ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জুলাই বিপ্লবীদের’ হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শেখ হাসিনার অনুসারীদের গণহারে ও বাছবিচারহীনভাবে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে তিনি প্রশ্ন রাখেন, ‘জামিন পেয়ে এরা খুন করলে তার দায় সংশ্লিষ্ট বিচারকের ওপর বর্তায় কিনা?’
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিচারকদের সম্পর্কে এভাবে কথা বলার জন্য দুঃখও প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘স্যরি। আমি কথাটা এভাবে বলছি। এভাবে বলা ছাড়া উপায় নেই।’
ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট কোনো অভিযুক্ত জামিন পেয়ে জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের ওপর হামলা করতে এমন আশঙ্কার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘একজন ভয়ঙ্কর ব্যক্তি জামিন পেয়ে জুলাইয়ের নায়কদের ওপর হামলা করতে পারেন। এ ধরনের জামিনে আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি।’
প্রধান বিচারপতি হাইকোর্টের অভিভাবক উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘উনার কাছে আগেও এ ব্যাপার উৎকণ্ঠা জানিয়েছিলাম। আজকে আবারও জানিয়েছি এবং আমি আশা করি ভবিষ্যতে নতুন যে প্রধান বিচারপতি আসবে উনার সঙ্গে আমার প্রথম যখন মিটিং হবে সেখানে আমি উনাকে বলব যে আজকে যে ভারতে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা একের পর এক আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায় এটা জামিনের কোনো নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না।’
‘কারণ আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোন বিচারক জামিন দেয় তাহলে এই খুনের দায় দায়িত্ব উনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত।’
আসিফ নজরুল বলেন, ‘বিচারকরা অবশ্যই জামিন দেবেন। কিন্তু যেই অপরাধী বা যেই ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে আপনাকে, আমাকে খুন করতে পারে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে। সে জামিন পেতে পারে না। আমরা এই ব্যাপারে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।’


