তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। তিনি বলেন, ‘সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।’
মঙ্গলবার বিকালে মাহফুজ আলমের সঙ্গে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সাক্ষাতের সময় তিনি (মাহফুজ) এসব কথা বলেন।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সরকার নির্বাচনকালীন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার জন্য পূর্ণ সহযোগিতা প্রদান করবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত।’
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ইউনেসকো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিনও উপস্থিত ছিলেন।


