গণভোট নিয়ে দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রিয়াজ

গণভোট নিয়ে দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রিয়াজ
রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আলী রীয়াজ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেব্রুয়ারিতে আসন্ন সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।’

সোমবার বেলা ১১টায় রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট উল্লেখ করে আলী রীয়াজ জানান, গণভোট কেবল আগামী পাঁচ বছরের সরকার গঠনের বিষয় নয়; বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

জনগণের ম্যান্ডেট ছাড়া এসব মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না বলেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জানান তিনি।

এ সময় অতীতের নির্বাচনী অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ ভোট দিতে চাইলেও বারবার সেই পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো সম্পর্কে মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে বলে আশাবাদী আলী রীয়াজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad