আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রচার শুরু হতে যাচ্ছে।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদলের এক বৈঠকে এ প্রচারাভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচারণার সুবিধার্থে, এই প্রচার কার্যক্রমকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট, এ ছয় অঞ্চলে ভাগ করা হয়েছে।
প্রত্যেক অঞ্চলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিয়ম সভার মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু হবে। আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেটে এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে এ সভাগুলো করা হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদলের বৈঠকে আলী রীয়াজ বলেন, “তারুণ্যের স্পর্ধিত অহংকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই তারুণ্যের সম্মিলিত সমাবেশে নতুন বাংলাদেশের পথচলার সূচনা হবে। ৫৪ বছর পর সুযোগ এসেছে গণতান্ত্রিক, মানবিক ও ইনসাফের একটি সমাজ গড়ার। আর সেটি প্রতিষ্ঠা করতে তরুণদের ভূমিকা অপরিহার্য। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশের তরুণরা যাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে সে জন্যই এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।”
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর তানজিমউদ্দীন খান, প্রফেসর আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


