দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরেছে জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু জানান, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। এখন মানুষের প্রত্যাশা পূরণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাণিজ্যিক রাজধানীর সঙ্গে অনেক বিষয় জড়িত; বন্দর, অবকাঠামো, বিনিয়োগ ও কর্মসংস্থান। এসব খাত সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান আমীর খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম চট্টগ্রাম সফর। এ সময় বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।


