হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়াও চান রাষ্ট্রপতি।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত তিনদিন ধরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।


