চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী।
রোববার প্রকাশিত সরকারি তথ্যে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্স, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এবং বাংলাদেশ হজ অফিস।
তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় মারা গেছেন।
এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তি সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯২৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন।
এ ছাড়া হজ এজেন্সির প্রতিনিধি, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিনিধি ও বিভিন্ন ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে আরও ৭৭৪ জন সৌদি আরব গেছেন।
হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
যাত্রী পরিবহনের হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।
চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ছেড়ে যায় ২১ মে।
অন্যদিকে, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


