বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের অংশ নেওয়ার সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা নোটিশে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সুবিধার্থে বুধবার ডিএমটিসিএল নিয়মিত সময়সূচীর বাইরে অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।
তবে কখন বা কত সময় পর পর ট্রেনগুলো ছাড়বে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে সংসদের উত্তর পাশে চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।


