বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
শাকিব খানের এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মুহূর্তেই হাজার হাজার ভক্ত ও অনুসারী মন্তব্যের মাধ্যমে শোক ও সমবেদনা জানান।
শাকিব খান ছাড়াও বিনোদন অঙ্গনের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা এবং চিত্রনায়ক সিয়াম আহমেদ। পাশাপাশি নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তী সময়ে আরও দুই মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৬০ সালে তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে দেশের রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার দীর্ঘ ও ঘটনাবহুল পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।


