খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস আলুটিলার সাপমারা পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় দীঘিনালা কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা নিহত হন। মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী এসব কথা জানান।
তিনি জানান, খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম জানান, শান্তি পরিবহনের বাসটি বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১৩-১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


