জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া যোদ্ধাদের দাবির ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদে’ প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান।
বিবৃতিতে আলী রীয়াজ বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদের’ অঙ্গীকারনামার ৫নং দফার পরিবর্তন করা হয়েছে৷
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের আগে আগে সেখানে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যেও এসব কথা বলেন তিনি। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫নং দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। সেখানে বলা হয়েছে, ‘গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো।’
কমিশনের সহ-সভাপতি জানান, কমিশন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের বিষয়টি সরকারকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের কোনো মত পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘রণক্ষেত্র’ হয়ে ওঠে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। মূল অনুষ্ঠান বিকালে শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই মানিক মিয়া এভিনিউ এলাকায় আসতে শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। নির্ধারিত সময়ের আগেই কয়েকশো জুলাই যোদ্ধারা পাঁচিল টপকে হুড়মুড় করে ঢুকে পড়ে সংসদ ভবনের নির্ধারিত এলাকায়। বাধা দিয়েও তাদের আটকানো যায়নি।
এ সময় পুলিশকে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। ‘জুলাই যোদ্ধাদের’ অনেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।


