বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরের আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পুনর্বাসন হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘খুনি সরকার আওয়ামী লীগকে বিদায় করেছি বলেই কাজ শেষ হয়ে যায়নি। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন করা। যতদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে আপস করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, সরকারে নেই, এমপি নেই–তাহলে ব্যর্থতার দায় এ দলের কেন? দেশে একটি সরকার আছে, সেই জায়গাটাতেই নজর দিতে হবে।’
প্রতিবেশী দেশের ভূমিকায় ক্ষোভ জানিয়ে দুদু বলেন, ‘আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে। তিনটি তামাশার নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। এতে প্রমাণ হয়, তারা বাংলাদেশের জনগণের নয়, বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে।’
২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


