নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ক্লাসরুমে এই ঘটনা ঘটে।
আহতরা শিক্ষার্থীদের মধ্যে দুজন হচ্ছেন দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। অন্যদের নাম জানা যায়নি। সিলিং ফ্যানটি সরাসরি কারো মাথার ওপর পড়েনি।
স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ জানান, দীর্ঘ দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একারণেই বুধবার ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে যায়।
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলে ফ্যান খুলে পড়ার ঘটনা তার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে তিনি কী করা যায় তা দেখবেন।


