রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা আগে ক্রেতা সেজে বাজার ঘুরে পর্যবেক্ষণ করেন, পরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে তিনি বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এদিন বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেন শাইখা সুলতানা।
অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
শাইখা সুলতানা বলেন, ‘আমি ছদ্দবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটর করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


