ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা এমন মন্তব্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত। দেশের সম্মান জড়িত। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত।’
গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু পরে বিসিসিআই ‘আঞ্চলিক পরিস্থিতি‘র দোহাই দিয়ে তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কেকেআর তা কার্যকর করে।
মোস্তাফিজকে বাদ দেওয়ার জেরে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ সরকার। এ ছাড়া ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার কথা আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনেরও অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন। এটি সরকারের ব্যর্থতা।’
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। তবে প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে।’ নির্বাচনকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


