সরকারের নির্দেশনা মেনে নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যৌথ আয়োজক ভারতে দল পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নয়া দিল্লিতে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশি শুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত যাওয়ার অনুমতি দেয়া প্রসঙ্গে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না।’
যদিও শুরুতে ভিসা ও সরকারি অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ শুটিং দল। তবে টুর্নামেন্টটি যেহেতু ইন্ডোরে অনুষ্ঠিত হবে, সেই হিসেবে বাংলাদেশ দলের জন্য তেমন কোনো নিরাপত্তা শঙ্কা থাকবে না বলেও আশ্বস্ত করেছেন ক্রীড়া সচিব মাহবুব উল আলম। তিনি আরো বলেন, ‘প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’
২ তারিখ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৫ ফেব্রুয়ারি ইভেন্টে নামবে বাংলাদেশ। এর আগে আগামী ৩১ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে ভিসা পাওয়া সাপেক্ষে দেশ ছাড়বেন রবিউল ও শারমিন। এর আগে ২০২৪ প্যারিস অলিম্পিকই ছিল বাংলাদেশের অংশ নেয়া সর্বশেষ আন্তর্জাতিক শুটিং
অবশ্য বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় ভিসা ছাড়া সাত দিন ভারতে থাকতে পারবেন রবিউল। তবে ভিসা নিতে হবে কোচ শারমিনের।


