কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা বোমাবর্ষণ ও বিকট বিস্ফোরণের ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাত ৯টার পর থেকে টেকনাফের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, রাত ৯টার পর থেকেই ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে শাহপরীরদ্বীপসহ আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে সীমান্তবর্তী জনপদে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ দিলু জানান, নাফ নদীর ওপার থেকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝেমধ্যে আগুনের ঝলকানিও দেখা গেছে, যা কিছুক্ষণ পর নিভে যায়।
স্থানীয়দের ভাষ্য, একই সঙ্গে যুদ্ধবিমান ওড়ার শব্দও শোনা গেছে এবং বিস্ফোরণের তীব্রতায় সীমান্তসংলগ্ন ঘরবাড়ি কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুরু হওয়ার পর অনেকেই শিশু ও বৃদ্ধদের নিয়ে ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বিস্ফোরণ ও বিমান চলাচলের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তরক্ষী বাহিনী ও কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের সীমান্ত নিরাপদ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের বিমান বাহিনী অন্তত ২৭টি বোমা ফেলেছে।


