ক্যালিফোর্নিয়ার মসজিদে ২ কিশোর বন্দুকধারীর হামলা, নিহত ৫

ক্যালিফোর্নিয়ার মসজিদে ২ কিশোর বন্দুকধারীর হামলা, নিহত ৫
সান ডিয়েগোর মসজিদে হামলার পর তার বাইরে জড়ো হয় মানুষ। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি মসজিদে দুই কিশোর বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন দুই হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সান ডিয়েগোর ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোকে লক্ষ্য করে ১৭ ও ১৮ বছর বয়সী দুই কিশোর হামলা চালায়।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল বলেন, হামলার আগে মসজিদটি ঘিরে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল না। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা বিদ্বেষমূলক বক্তব্য বা উগ্র মনোভাবের দ্বারা প্রভাবিত হতে পারে।

হামলার আগে আগে এক কিশোরের খোঁজ চলছিল বলেও জানিয়েছে পুলিশ। তার মা ছেলেটি নিখোঁজ বলে অভিযোগ করেছিলেন এবং জানিয়েছিলেন, সে আত্মহত্যাপ্রবণ আচরণ করছিল। বাড়ি থেকে অস্ত্র ও তার মায়ের গাড়িও হারিয়েছিল।

পরবর্তীতে পুলিশ প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলার সময়েই মসজিদে গুলির খবর আসে। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

হামলায় নিহতদের মধ্যে মসজিদের এক নিরাপত্তাকর্মীও রয়েছেন। পুলিশের দাবি, তার সাহসী ভূমিকার কারণেই আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন

পুলিশ প্রধান স্কট ওয়াল বলেন, ‘তার কর্মকাণ্ড নিঃসন্দেহে বীরত্বপূর্ণ ছিল। তিনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন।’

হামলার কিছুক্ষণ পর কাছাকাছি এলাকায় আবার গুলির শব্দ শোনা যায়। পরে একটি গাড়ির ভেতর থেকে দুই সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।

সান ডিয়েগো কাউন্টির বৃহত্তম এ মসজিদ কমপ্লেক্সে ‘আল রাশিদ স্কুল’ রয়েছে, যেখানে শিশুদের ইসলামি ও আরবি শিক্ষা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়তি নিরাপত্তার মধ্যে শিশুদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

হামলার নিন্দা জানিয়ে মসজিদের ইমাম তাহা হাসান বলেন, প্রার্থনাকেন্দ্রকে লক্ষ্য করে হামলা অত্যন্ত জঘন্য ঘটনা। শহরের সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ হামলার নিন্দা জানিয়েছে মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)। সংস্থাটির সান ডিয়েগো শাখার নির্বাহী পরিচালক তাজহিন নিজামের মতে, কেউ নামাজ আদায় করতে গিয়ে বা স্কুলে পড়তে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে পারে না।

হামলার উদ্দেশ্য ও ঘটনার কারণ বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad