ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ৷
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ‘ক্যাম্পাসগুলোতে আবারও অশানি সংকেত ৷ যদি গুপ্তভাবে মব সৃষ্টি করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটা কখনোই সুখকর হবে না ৷ ভালো কিছু বয়ে আনবে না৷ আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন ৷ তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক। তারা চায় ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না ৷ তারা চায় উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হোক।’
তিনি বলেন, ‘যদি রাজনীতির কোনো আলোচনা করতে হয়, তাহলে সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে। আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী টাইপের রাজনীতি চলবে, সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে। আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক কোনোভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, সেই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না। কোনো মব সৃষ্টি করে ফ্যাসিস্ট আমলে আমরা ফিরে যেতে চাই না। মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ ও দেশের নেতৃত্ব গড়ে উঠুক ৷’


