দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী উল্লেখ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেই নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য দুঃখজনক।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো হবে। অর্থাৎ দেশের শ্রমবাজারে যুক্ত হবেন আরও বেশি সংখ্যক নারী।
সোমবার বিকালে চট্টগ্রাম-১১ আসনের ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের নাজিরপাড়া, ডেইলি পাড়া, মাইজপাড়া সহ বিভিন্ন পাড়ায় গণসংযোগের সময় এসব কথা বলেন বিএনপির এই নেতা।
আমীর খসরু বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।’
‘আমাদের ধর্মে, রাজনীতিতে সব জায়গায় নারীদের অগ্রাধিকারের কথা বলা আছে। নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
বিএনপি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর কথা বলছে জানিয়ে তিনি বলেন, ‘নারীদের নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য করেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা শিষ্টাচার বহির্ভূত। এটার ভার জনগণের উপর ছেড়ে দিলাম, জনগণ নিশ্চয়ই এটা বিবেচনা করবে।’
আমীর খসরু বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।’
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রামকে আরও শক্তিশালী করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়া হবে।


