জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি কোরবানির পশুর হাটে মহিষের আকস্মিক আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং গতকাল সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্যজন মারা যান।
এর আগে, রোববার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক বিক্রেতা বিক্রির উদ্দেশে কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে বাঁধার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং দড়ি ছিঁড়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে মহিষটি পুরো হাটজুড়ে ছোটাছুটি করে সামনে পাওয়া লোকজনকে এলোপাতাড়ি গুঁতো দিতে থাকে। এতে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করেন।
মহিষের এই আক্রমণে রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান রুহুল আমিন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার রাতে তারও মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মহিষের গুঁতায় দুইজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।


