দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৯৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং পরীক্ষায় ১৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যুর পাঁচটি ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে দুইজন এবং ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩ হাজার ৯৬১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৪২৫ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
একই সময়ে সন্দেহজনক হামে মোট ৬৩৬ জনের মৃত্যু হয়েছে ও ৯৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৬৮ জন সন্দেহজনক রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৪১২ জন ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ১৮১ জন, বরিশালে ১৩৭ জন, সিলেটে ৯৪ জন, খুলনায় ৪৫ জন, ময়মনসিংহে ৪০ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুরে ২১ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে ৮৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭৮৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৪৭ হাজার ৪৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ১৮ হাজার ৬৪ জন এবং বরিশালে ১০ হাজার ৪৭১ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে এ পর্যন্ত ৮ হাজার ২৭০ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।


