‘কোরআন অবমাননা’র অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।
এর আগে শনিবার মধ্যরাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অপূর্বকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, গ্রেপ্তারের সময় স্থানীয় জনতার মারধরে আহত হন ওই শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে পুলিশ জানয়েছে, অপূর্ব পাল ক্লাসরুমের বাইরে বসে ইচ্ছাকৃতভাবে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননা করেন। নিজেই সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন। বিষয়টি টের পেয়ে ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা প্রতিবাদ করেন এবং তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ।
একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


