কোরআন অবমাননার পেছনে উসকানিদাতাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে বলেছেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক অবর্ণনীয় ধৃষ্টতায় কোরআন অবমাননার একটি ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।’
এই ঘটনা দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। কোটি প্রাণে ক্ষোভের সৃষ্টি করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে, আপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আর কেউ এই ধরনের কাজে সাহস না করে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ইতিহাস স্বভাব, চরিত্র ও মনস্তত্ত্বের কারণে এমন ভয়াবহ ধৃষ্টতা বাংলাদেশের কোনো শিক্ষার্থীর চূড়ান্ত অধঃপতনেও চিন্তা করা যায় না। কারণ, ধর্ম আমাদের অবচেতনে গ্রোথিত।’
ইউনুস আহমেদ আরও বলেন, ‘এর পেছনে কোনো দুরভিসন্ধি কাজ করছে বলে মনে হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার মানষে কোনো মহল এই ধরনের নোংরা ধৃষ্টতার পেছনে উসকানি দিতে পারে। সরকারকে বলব, সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর পেছনে কোনো চক্রান্তমূলক উসকানি আছে কি না তা খতিয়ে দেখতে হবে। থাকলে তাও আইনের আওতায় আনতে হবে।’


