নাট্য প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ১০০ নাটক কোটি ভিউয়ের ঘর পার করেছে। বুধবার (৮ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকটির মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরজন্য তিনি ধন্যবাদ জানান দর্শকদের আর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটক ইন্ডাস্ট্রির সকলের প্রতি। কারণ এই ১০০ নাটকের সঙ্গে ঘুরে ফিরে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির প্রায় সকল শিল্পী-কুশলী।
কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে ১৬টি নাটক রয়েছে রুবেল হাসানের, ১২টি নাটক রয়েছেন নির্মাতা জাকারিয়া সৌখিনের, ৮টি করে নাটক রয়েছে মিফতা আনান ও মহিদুল মহিমের। এই তালিকায় আরও রয়েছেন শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ।
এদিকে অভিনেতা হিসেবে তালিকায় রয়েছেন ১৮টি নাটক নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ২৬টি নাটক নিয়ে ফারহান আহমেদ জোভান, ১৯টি নাটক নিয়ে মুশফিক আর ফারহান এবং তৌসিফ মাহবুবের ১৪টি নাটক। এই তালিকায় আরও আছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান, নিলয় আলমগীর প্রমুখ।
ওদিকে অভিনেত্রী তালিকায় রয়েছেন ১৪টি নাটক নিয়ে মেহজাবীন চৌধুরী, ১৮ নাটক নিয়ে কেয়া পায়েল, ১৬টি নাটক নিয়ে তানজিন তিশা, ১৫টি নাটক নিয়ে তানজিম সাইয়ারা তটিনী এবং ১২টি নাটক নিয়ে নাজনীন নিহা। একই তালিকায় আরও আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান প্রমুখ।


