ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী মোহন লাল (৫৫) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন।
বুধবার বিকালে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ওই বন্দীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা যায়, মোহন লাল পদ্মা সেতু (দক্ষিণ) থানার মামলা নং ৯(১১)/২২ এর আসামি। মামলাটি ১৯৫২ সালের কন্ট্রোল অব অ্যান্টি অ্যাক্টের ৪ ধারায় দায়ের করা হয়েছিল। তার বাবার নাম চিন্তা সিং।
অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে শরীয়তপুর জেলা কারাগারে চিকিৎসাধীন রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


