টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর টাঙ্গাইল যাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ প্রস্তত ও স্টেডিয়ামে সৌন্দর্যসহ বিভিন্ন সংস্কার করা হচ্ছে। একই সঙ্গে টাঙ্গাইল পৌর উদ্যানও প্রস্তুত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকায় ভাঙা সড়কগুলো জোড়াতালি দিয়ে ঠিক করা হচ্ছে বলে জানা গেছে।
‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি অনুযায়ী সকাল ৮টায় ঢাকার নিজ বাস ভবন থেকে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে প্রধানমন্ত্রী রওনা হবেন।
প্রথমেই তিনি সকাল ১০টায় সন্তোষে উপস্থিতি হয়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে সাড়ে ১০টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিতি হয়ে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে ১২টা ১৫ মিনিটে শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করবেন।
এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির প্রস্তুতি কেমন হয়েছে, সেই পরিস্থিতি দেখতে ইতোমধ্যে টাঙ্গাইল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।
এ প্রসঙ্গ টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।


