ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে আমন্ত্রিত প্রতিনিধি ও অনুমোদিত সাংবাদিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
অর্থাৎ, আলোচনায় উপস্থিত থাকার ক্ষেত্রে তাদের আগে থেকে কোনো ভিসা অনুমোদনের প্রয়োজন নেই। ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছে তারা বৈধ ভিসা নিতে পারবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক মাধ্যম এক্স পোস্টে জানান, ‘ইসলামাবাদ টক- ২০২৬’ আলোচনায় অংশ নিতে সব দেশের প্রতিনিধি ও সাংবাদিকদের পাকিস্তান স্বাগত জানায়।
‘এই যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি আলোচনায় অংশ নিতে আসা দুই দেশের সব প্রতিনিধি ও সাংবাদিককে পাকিস্তানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভিসা দেওয়া হবে’, যোগ করেন তিনি।
ইসহাক দ্বার নিশ্চিত করেন, এরইমধ্যে সব বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভিসা ছাড়া এসব যাত্রীদের বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের অভিবাসন কর্তৃপক্ষ তাদের পৌঁছানোর পর ভিসা দেবে।

এর আগে আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ৩০ সদস্যের একটি মার্কিন নিরাপত্তা দল এরইমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন।
অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক পাকিস্তানে ভিসা আবেদন করলেও অনুমোদন পেয়েছেন কেবল ২০ জন।


