জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
শনিবার রাজধানীর মিন্টো রোডে অবস্থিত তার সরকারি বাসভবনে সকাল ১১টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি কূটনীতিকদের সঙ্গে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলাপচারিতায় অংশ নেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ফিলিস্তিন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউএনডিপি, ইউনেসকো ও ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিদের মাঝে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
পরে বিকালে শফিকুর রহমান নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


