কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি,ম্যাগজিন ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগীর নাম শফিকুল ইসলাম আজম (৫২)। তিনি ওই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শফিকুল ইসলামের ডান চোখ, বাম চোয়াল ও পেটে গুলি লেগেছে। ধারণা করা হচ্ছে পেটে লাগা গুলি ভেতরের রক্তনালীকে ইনজুরড করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।


