কুমিল্লায় একটি বাড়ি থেকে নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামের তরফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার, ছেলে হোসাইন (৪), আরেক প্রবাসী ও জহিরুল ইসলামের ভাই সাত্তারের ছেলে জোবায়েদ (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্রের সাহায্যে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্বজনরা তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, এখনো হত্যার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ দাশগুপ্ত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


