কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আলুবাহী মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দলটির এক কর্মী।
শুক্রবার রাত ১০টার দিকে কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক বাদশা (৪৮)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। এ ছাড়া তিনি কুমারখালী বাসস্ট্যান্ডসংলগ্ন গোলচত্বর এলাকার আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। আহত কর্মীর নাম মুফতি খাইরুল বাশার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলে করে একজন আরোহীসহ বাদশা কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খাঁনের বাড়ি খোকসাতে যাচ্ছিলেন। একটি আলু বোঝাই মিনি ট্রাকও খোকসার দিকে যাচ্ছিল। পথে কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় বাদশা ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হয়েছেন তার সহযোগী মুফতি খাইরুল বাশার। তবে তিনি আশঙ্কামুক্ত।
কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আনোয়ার খাঁন বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি দেখা করে কিছু বলতে চেয়েছিলেন। পরে শুনতে পাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।’


