কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ৯টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিউটন দাস চন্ডিপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বড় হাওরে ডিঙি নৌকায় করে মাছ ধরতে যান নিউটন দাস। বেলা সাড়ে ৯টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
একপর্যায়ে ডিঙি নৌকা থেকে পড়ে গেলে স্থানীয়রা গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


