দেশের আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ারের’ সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ারের কোনো প্রয়োজন নেই এবং প্রচলিত আইনই এর জন্য যথেষ্ট।’
খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার।’
আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং বিচারপ্রার্থী জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন আসাদুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। এতে আরও উপস্থিত ছিলেন, হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাগণ খুলনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা সম্পর্কিত বর্তমান চিত্র প্রধান অতিথির সামনে তুলে ধরেন।
এর আগে সকাল নয়টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তিনি মামলা দ্রুত নিস্পত্তি করে আদলতে মামলা জট কমানোর জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান।
জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্য বিচারকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


