দেশের কারাগারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। এ লক্ষ্যে কারাগারের ভবনগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ বিষয়ে গত ৫ মে কারা অধিদপ্তর ও ইনজেন টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ওপেক্স (OPEX) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে। এর মাধ্যমে কারাগারগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে। অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, যা সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয়ে ভূমিকা রাখবে।
প্রকল্পটির পুরো বিনিয়োগ বেসরকারিভাবে করা হবে। এতে সরকারের বা কারা অধিদপ্তরের কোনো আর্থিক বিনিয়োগ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের নীতির আলোকে এ ধরনের কার্যক্রম আরও বেগবান করা হচ্ছে। পাশাপাশি কারাগারগুলোকে উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগও চলমান রয়েছে।


