কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমাননন্দর থেকে মরদেহগুলো নিয়ে রওনা হয়ে মঙ্গলবার সকালে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২২৬।
নিহতরা সবাই কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের আবদুল কাদির, মাজতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
গত ২১ জুন কাতারের আল শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ওই পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়।
কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দূতাবাস জানায়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মরদেহ দেশে পাঠানোর ব্যয় বহন করেছে। এছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


