লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে ফেরানো হয়। দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে তিনজন নারী, একটি শিশু। এদের মধ্যে ১৫ জন অসুস্থ বলে জানা গেছে।
দূতাবাস জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ ইউরোপে যাওয়ার চেষ্টার সময় উদ্ধার হওয়ার পর এসব বাংলাদেশি গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিয়মিত সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস। গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই ও প্রত্যাবাসন প্রক্রিয়াও চলছে। বাকিদের বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশ যাওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। এ ধরনের যাত্রায় মৃত্যু, নিখোঁজ, জিম্মি ও আটকের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অনিয়মিত পথে বিদেশ না গিয়ে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানিয়েছে দূতাবাস।
এর আগে একই পরিস্থিতিতে লিবিয়ায় আটক ৩৪০ বাংলাদেশি গত ৭ আগস্ট দেশে ফিরেছিলেন।


