রাজধানী ঢাকার পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন।
জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী। তিনি একাই ওই বাসায় বসবাস করতেন।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।
তিনি বলেন, ‘বুধবার আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নাম্বার রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। তার মরদেহ অর্ধ-গলিত অবস্থায় ছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
থানা সূত্রে জানা যায়, সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহের জেরে তিনি ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন।
এরপর তিনি তার বাবার পৈত্রিক ফ্লাটে একাই বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ওই ভবনের অন্য একটি তার আরেক বোন থাকেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সবশেষ কথা হয়। এরপর আর তার কারও সঙ্গে যোগাযোগ হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা।


