যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল ২০২৫’-এর অন্যতম জুরিবোর্ড সদস্য হলেন বাংলাদেশের অন্যতম গীতিকবি ও বিনোদন সাংবাদিক মাহমুদ মানজুর। ডিসেম্বরের শেষ দিকে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিউইয়র্কে। একই সময়ে আরও একটি চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে মনোনীত হলেন তিনি। এটি বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক উৎসব ৬ষ্ঠ ‘বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০২৬’। যা বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের (২০২৬) ৮ থেকে ১০ জানুয়ারি।
মাহমুদ মানজুর গত বছরও (২০২৪) বগুড়ার এই উৎসবের অন্যতম জুরি হিসেবে কাজ করেছেন। এবার তিনি দায়িত্ব পালন করছেন ইন্টারন্যাশনাল শর্টফিল্ম বিভাগের জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশের সিনেমা নিয়ে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র উৎসবে মাহমুদ মানজুর দায়িত্ব পালন করছেন প্রাথমিক বাছাই প্রক্রিয়ার জুরি সদস্য হিসেবে।
কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দুটি আন্তর্জাতিক উৎসবের জুরি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আসলে গুরুদায়িত্ব। সকল সিনেমা দেখে সেটির মার্কিং করা এবং যোগ্য নির্মাতা ও সিনেমা নির্বাচন করা বেশ কঠিন একটি কাজ। সেটি করতে আমার কোনও দ্বিধা নেই। কারণ, গত ২৫ বছর ধরেই সংগীত ও চলচ্চিত্রের সঙ্গে আমি জড়িয়ে আছি নিবিড়ভাবে। এরমধ্যে বিশ্বের অন্যতম দুটি প্রধান চলচ্চিত্র উৎসব কান ও সানড্যান্স ঘুরে এসেছি। সেই অভিজ্ঞতাটাও এবার জুরিবোর্ড সদস্য হিসেবে কাজে লাগবে বলে মনে করছি। আমার লক্ষ্য একটাই, লোকাল সিনেমাকে গ্লোবালের পথে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সিনেমাকে লোকাল পর্যন্ত নিয়ে আসা।’
বলা ভালো, সম্প্রতি প্রকাশ হয়েছে মাহমুদ মানজুর রচিত ১২ কিংবদন্তি গীতিকবিকে নিয়ে আলোচিত গ্রন্থ ‘গীতিজীবন’। এটি প্রকাশ করেছে আজব প্রকাশ। গবেষকদের মতে, গীতিকবি তথা শিল্পীদের নিয়ে দেশে এবারই প্রথম এমন জীবনঘনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ গ্রন্থ রচিত হয়েছে।
দুই যুগের বিনোদন সাংবাদিকতার পাশাপাশি মাহমুদ মানজুর রচনা করেছেন দেড় শতাধিক গান। এরমধ্যে একক গীতিকবিতায় রয়েছে তিনটি অ্যালবাম ‘ধুলোর গান’, ‘পৃথিবীর ক্যানভাস’ এবং ‘শতেক ভুল’।
১৯৮১ সালের ১৫ জুন লক্ষ্মীপুর জেলায় জন্ম নেওয়া এই গীতিকবি ও সাংবাদিক সম্প্রতি চালু করেছেন ‘মামাগীত’ নামের একটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান। যেখান থেকে নিজের গীতিকবিতা আর আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স প্রযুক্তির সমন্বয়ে নিয়মিত তৈরি ও প্রকাশ পাচ্ছে বাংলা ও ইংরেজি গান। এমন ঘটনা বাংলাদেশে প্রথম।
গীতিকবির স্বীকৃতি হিসেবে মাহমুদ মানজুর এরমধ্যে অর্জন করেছেন সিজেএফবি, বিসিআরএ ও এজেএফবি পদক। পুরস্কৃত হয়েছেন সাংবাদিক হিসেবেও। দায়িত্ব পালন করেছেন গীতিকবি সংঘ বাংলাদেশ-এর প্রথম দফতর ও অর্থ সম্পাদক হিসেবে।


