ঢাকার রমনা এলাকার সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চার্চটির অবস্থান বিচারপতিদের বাসভবন কমপ্লেক্সের সামনে এবং প্রধান বিচারপতির বাসভবনের কাছেই।
রমনা থানার এসআই মিজানুর রহমান টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণ ঘটিয়েই অজ্ঞাত দুর্বৃত্তরা পালিয়ে গেছে।’
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।এখন সিসিটিভি ফুটেজ থেকে ককটেল হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দৃর্বৃত্তরা। একটি ককটেল চার্চের প্রধান ফটকে বিস্ফোরিত হয়, আরেকটি চার্চের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
পরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।
রমনা থানার এসআই সুশান্ত বলেন, ‘রাত ১০টা ২৫ মিনিটে মোটরসাইকেল থেকে দুটি ককটেল চার্চের দিকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি গেটেই বিষ্ফোরিত হয়। অন্যটি চার্চের গেটের ভেতরে ঝোপঝাড়ে গিয়ে পড়লেও বিস্ফোরণ ঘটেনি।’
কাকরাইল রোডে অবস্থিত এই রোমান ক্যাথলিক চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৬। একে ‘ক্যাথেড্রাল অফ দ্য ইম্যাকুলেট কনসেপশন’ নামেও ডাকা হয়।
এর আগে গত ৮ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় রানি জপমালা গির্জার মূল ফটকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের ঘটনাস্থলের কাছেই আরও দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।
সে হিসেবে ওই ঘটনার ঠিক এক মাসের মাথায় ঢাকার আরেকটি গির্জার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।


