প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে থেকে হারারেতে একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। তবে ইনোসেন্ট কাইয়ার প্রথম সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের লাঞ্চ সেশন পর্যন্ত তাদের লিড ছুঁয়েছে ১০৯।
বাংলাদেশের করা ১৪০ রানের জবাবে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ২৪৯। দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৭ ওভার, বাংলাদেশের প্রাপ্তি যেখানে এক উইকেট ১১৩ রানের বিনিময়ে।
আগের দিন ৭৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া কাইয়া, নিজের প্রথম সেঞ্চুরি ছুঁয়েছেন এবাদত হোসেনকে দারুণ এক পুল শটে চার মেরে। ১৫ চারে ১৯৬ বলে ১২৬ রানে অপরাজিত থেকে লাঞ্চ ব্রেকে গেছেন তিনি।
এর আগে দিনের প্রথম ঘণ্টায় ব্রেন্ডন টেলরের উইকেট নিয়ে বাংলাদেশকে সেশনের একমাত্র সাফল্য এনে দিয়েছেন খালেদ আহমেদ, আগের দিনও বেন কারানকে ফেরান এই ডানহাতি পেসার। টেলর ফিরলেও উইকেটে এসে ওয়ানডে স্টাইলের ব্যাটিং করেছেন ব্রায়ান বেনেট, ৯ চারে ৬৫ বলে অপরাজিত আছেন ৫৯ রানে।


