কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বুধবার সকালে তারা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে মঙ্গলবার কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। জুট বেলিং শ্রমিকরা বিজেএ ভবনের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মঙ্গলবার সড়ক অবরোধের আগে সকালে খুলনার দৌলতপুরে বিজেএ কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কাঁচা পাটকে রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর পরিশিষ্ট-২ অনুযায়ী শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এতে কাঁচা পাট রপ্তানিকারকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষাধিক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েন।
তিনি অভিযোগ করেন, বিজেএর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নেওয়া এ সিদ্ধান্তের ফলে পাটচাষিরাও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা আয় বাধাগ্রস্ত হচ্ছে।
বুধবার থেকে কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত বিজেএ কার্যালয়ের সামনে ধারাবাহিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।


