কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। এ নিয়ে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়াল চারটিতে।
সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিলের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাবরুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২১ সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ, নতুন একটি টার্মিনাল ভবন নির্মাণ এবং বিমানবন্দরটিতে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার উপযোগী করার কাজ শুরু হয়।
বাংলাদেশ পর্যটন বোর্ডের কর্মকর্তারা বলছেন, কক্সবাজারকে ভবিষ্যতে ইন্দোনেশিয়ার বালির মতো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। ফলে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এতে এই অঞ্চলের পর্যটন শিল্প আরও সম্প্রসারিত হবে।


