কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের আলমগীর টাওয়ারের সামনের সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজের পাড়ার মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার মো. রুবেল (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) সাঈদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২১ সালের ২৯ জুলাই মামলাটি করা হয়েছিল।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


