ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
তাদের বরাত দিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন জানিয়েছে, মাছধরা শেষে ফেরার পথে দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান, বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন–চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লার ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল।
সারিকাইতের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।’
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছে।


