রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’-এর প্রথম পোস্টার এসেছে । পরিচালক জানিয়েছেন, এটি সিনেমার মুক্তির প্রাথমিক প্রস্তুতির অংশ এবং খুব শিগগিরই এর টিজারও দর্শকদের জন্য উন্মুক্ত হবে।
যৌন পল্লী এক রাতের মধ্যে উচ্ছেদ হওয়ার মানবিক ও হৃদয়স্পর্শী কাহিনি নিয়ে তৈরি হয়েছে এটি। সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই এবং তিন বছর আগে শুটিং শেষ হয়েছিল।
এতে পিয়া জান্নাতুল নায়িকা হিসেবে অভিনয় করেছেন। শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিনদের মতো অভিনয়শিল্পীদের পরিচিত চরিত্রে দেখা যাবে। রাজনৈতিক নেতার চরিত্রে লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু রয়েছেন, এবং মাদক কারবারির ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
সিনেমাটির মূল ভাবনা দিয়েছেন তামজিদ অতুল এবং চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।


