সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল সংক্রান্ত বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি পাসের জন্য ভোটে দিলে উপস্থিত সদস্যদের ভোটে তা অনুমোদন করেন।
বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে আইনমন্ত্রী জানান, জনসেবার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া, এই সুবিধা কর দেওয়ার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সঙ্গে দৃশ্যমান বৈষম্য তৈরি করে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে এই সুবিধা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ কমিটির সভায় সংসদ সদস্যদের এই বিশেষ সুবিধা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


